| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় প্রার্থনার মধ্য দিয়ে বড় দিনের আনুষ্ঠানিকতা শুরু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ১৬:১৭:৩৩:অপরাহ্ন  |  ৩৫৩১৮৪ বার পঠিত
নেত্রকোণায় প্রার্থনার মধ্য দিয়ে বড় দিনের আনুষ্ঠানিকতা শুরু

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা। বুধবার (২৪ ডিসেম্বর) রাত ৯টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি এলাকার উৎরাইল ধর্মপল্লীর গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বড়দিন উপলক্ষে আয়োজিত এই প্রার্থণায় অংশ নিতে সন্ধ্যার পর থেকেই খ্রিষ্ট ধর্মাবলম্বীরা গির্জায় সমবেত হন। প্রার্থণায় যীশু খ্রিস্টের জন্ম ও তাঁর মানবকল্যাণের বার্তা তুলে ধরা হয়। ধর্মীয় নেতারা বলেন, যীশু খ্রিস্ট সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীতে এসেছিলেন এই বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই বড়দিনের মূল তাৎপর্য।

প্রার্থণাকালে পৃথিবীর সকল মানুষের কল্যাণ, সৌহার্দ্য ও শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। প্রার্থণা শেষে যীশু খ্রিস্টের জন্মবার্তা জানাতে রাতভর ধর্মপল্লীর বিভিন্ন বাড়িতে বাড়িতে চলে কীর্তন ও ধর্মীয় গান। বড়দিন উপলক্ষে জেলার প্রতিটি গির্জা সাজানো হয়েছে বেলুন, ফুল, রঙিন কাগজ ও আলোকসজ্জায়। গির্জার ভেতরে তৈরি করা হয়েছে যীশুর জন্মস্থলের প্রতীকী গোয়ালঘর। সেখানে শিশু যীশু খ্রিস্ট, মা কুমারী মেরি, যোশেফ, তিনজন পণ্ডিত ও রাখালের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। গোয়ালঘরের ওপরে আলোকোজ্জ্বল তারা বড়দিনের আবহকে আরও মনোরম করে তুলেছে। একইভাবে খ্রিষ্টান ধর্মপল্লীগুলোর বাড়িঘরও সাজানো হয়েছে বর্ণিল আলো ও নানা রঙের সাজে, যা পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

ভক্সপপ | খ্রিষ্ট ধর্মাবলম্বীরা ধর্মাবলম্বীরা বলেন, বড়দিন আমাদের প্রধান ধর্মীয় উৎসব। এই দিনে আমরা সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের প্রার্থনা পৃথিবীতে যেন শান্তি প্রতিষ্ঠিত হয় এবং সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদার বড়দিনের উৎসব নির্বিঘ্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান। তিনি বলেন, গির্জাগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং সার্বিকভাবে পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানায়, চলতি বছর নেত্রকোণা জেলায় মোট ১২৮টি গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দুর্গাপুর উপজেলায় ৭০টি, কলমাকান্দা উপজেলায় ৩৬টি এবং অন্যান্য উপজেলায় রয়েছে ২২টি গির্জা। খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরে নেত্রকোণাজুড়ে বিরাজ করছে আনন্দ, উৎসব আর শান্তির আবহ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪