| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ১৬:২৩:৪১:অপরাহ্ন  |  ৩৫২৬৬৫ বার পঠিত
যশোর-১ (শার্শা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন

বেনাপোল প্রতিনিধি: দীর্ঘ জল্পনা-কল্পনা ও নাটকীয়তার অবসান ঘটিয়ে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকেই আসন্ন নির্বাচনে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির এবং মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন পৃথকভাবে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দলীয়ভাবে প্রাথমিক পর্যায়ে সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে মনোনয়ন দেওয়া হয়েছিল। প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর তিনি শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে উঠান বৈঠক, গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালান। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে পুরো শার্শা উপজেলা তখন নির্বাচনী আমেজে মুখর হয়ে ওঠে। তবে শেষ মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে পরিবর্তন এনে প্রার্থী হিসেবে নুরুজ্জামান লিটনের নাম চূড়ান্ত করা হয়।

দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা, তৃণমূল পর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্যতা এবং আন্দোলন-সংগ্রামে ধারাবাহিক অংশগ্রহণ এই বিষয়গুলো বিবেচনায় নিয়েই কেন্দ্রীয় নেতৃত্ব নুরুজ্জামান লিটনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন।

মনোনয়ন নিশ্চিত হওয়ার পর প্রতিক্রিয়ায় নুরুজ্জামান লিটন বলেন, দল আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তা ধরে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। শার্শার মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিএনপির রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে আমি নিরলসভাবে কাজ করে যাব।

তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে শার্শাকে একটি শক্তিশালী রাজনৈতিক ঘাঁটি হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।

এদিকে নুরুজ্জামান লিটনের মনোনয়ন ঘোষণার পর শার্শা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্ত শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং মাঠের রাজনীতিতে নতুন গতি আনবে।

দলীয় কার্যালয় ও স্থানীয় পর্যায়ে মনোনয়ন ঘোষণাকে ঘিরে আলোচনা-উচ্ছ্বাস চলতে দেখা গেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন, ঐক্যবদ্ধভাবে মাঠে নামলে যশোর-১ আসনে বিএনপির অবস্থান আরও শক্তিশালী হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪