| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রীসহ তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৫, ২০২৫ ইং | ১৭:৩৬:৪২:অপরাহ্ন  |  ৩৩৪৫৪৯ বার পঠিত
হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রীসহ তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদের স্ত্রীসহ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামিরা হলেন,ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার শ্যালক (সামিয়ার ভাই) ওয়াহিদ আহমেদ এবং ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার লিমা।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় দুই দফায় মোট নয় দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে তারা স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ আদালতে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে আসামি সামিয়া ও ওয়াহিদের এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আসামি মারিয়া আক্তার লিমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা ও পুলিশের উপ-পরিদর্শক রোকনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রত্যেককে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে ২০ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ দ্বিতীয় দফায় আরও চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা কার্যক্রম শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন শরীফ ওসমান বিন হাদি। এ সময় পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে থাকা ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ ও তার এক সহযোগী পেছন থেকে তাকে অনুসরণ করে চলন্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে পালিয়ে যায়।

গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সযোগে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মারা যান।এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। পরে হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪