আন্তর্জাতিক ডেস্ক: বড়দিন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘ধ্বংস’ কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সরাসরি নাম উল্লেখ না করলেও বক্তব্যে রুশ নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বড়দিনের শুভেচ্ছা বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনকে নানা দুর্ভোগে ফেললেও ইউক্রেনীয়দের সবচেয়ে মূল্যবান বিষয়—মানুষের মন, পারস্পরিক বিশ্বাস ও ঐক্য—ধ্বংস করতে পারেনি। তিনি বলেন, তারা আমাদের ভূমি দখল করতে পারে, সেখানে বোমা ফেলতে পারে। কিন্তু ইউক্রেনীয়দের মন, একে অপরের প্রতি বিশ্বাস এবং আমাদের ঐক্য তারা কখনোই দখল করতে পারেনি।
রুশ প্রেসিডেন্টকে ইঙ্গিত করে জেলেনস্কি আরও বলেন, আজ আমরা সবাই একটি স্বপ্নই দেখি, আমাদের প্রত্যাশাও একটাই—তার ধ্বংস হোক। এই বক্তব্যে যুদ্ধকালীন ক্ষোভ ও প্রতিরোধের মনোভাব স্পষ্টভাবে ফুটে ওঠে।
এদিকে বড়দিনের ঠিক আগমুহূর্তে ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এসব হামলায় অন্তত তিনজন নিহত হন এবং দেশের বেশিরভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেন, ক্রিসমাসের আগের সন্ধ্যায় রাশিয়া আবারও দেখিয়েছে তারা আসলে কারা। শত শত শহীদ ড্রোন, ব্যালিস্টিক ও কিনঝাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা হামলা চালিয়েছে। ধর্মহীনরাই এভাবেই আঘাত হানে।
উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় তিন বছর ধরে চলমান এই যুদ্ধে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার দখলে চলে গেছে।
রিপোর্টার্স২৪/বাবি