স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কারাবন্দি ও আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার প্রয়োগের জন্য নির্বাচন কমিশন (ইসি) নির্দেশিকা জারি করেছে।
নির্দেশিকায় বলা হয়েছে, ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (আইসিপিভি) পদ্ধতির মাধ্যমে ভোটাররা ভোট দেবেন। সংশ্লিষ্ট জেলখানা বা হেফাজত কর্তৃপক্ষের মাধ্যমে ভোটারদের তালিকা যাচাই ও নিবন্ধন হবে। একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিবন্ধন ও তথ্য আপলোড করা হবে।
ভোটাররা পোস্টাল ব্যালট খামে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত জাতীয় সংসদ ও গণভোটের ব্যালট, নির্দেশাবলি, ঘোষণাপত্র এবং রিটার্নিং অফিসারের ঠিকানা পাবেন। ভোটারদের জন্য ভোটকক্ষ বা গোপন কক্ষ তৈরি করা হবে। ব্যালটে প্রার্থীর নাম নয়, বরাদ্দকৃত প্রতীক থাকবে। ভোটাররা ফাঁকা ঘরে টিক (√) বা ক্রস (x) চিহ্ন দিয়ে ভোট দেবেন এবং ঘোষণাপত্রে স্বাক্ষর করবেন।
ভোট দেওয়ার পর ব্যালট খাম ও স্বাক্ষরিত ঘোষণাপত্র নিরাপদভাবে সংরক্ষণ করে ডাক বিভাগের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হবে। খামের ডাক মাশুল সরকার বহন করবে।