ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয় মো. বাবুল মোল্লা (৫৫) নামের একজন ব্যক্তি ৫০০ টাকার বাজিতে খালে ১০১ বার ডুব দেওয়ার পর হাইপোথারমিয়া হয়ে মারা গেছেন।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে বড়ইয়া কাচারিবাজারের একটি চায়ের দোকানে আড্ডার সময় শীত নিয়ে কথাবার্তা হচ্ছিল। উপস্থিতরা মন্তব্য করেন, ‘বাবুল মোল্লা শীতে কাঁপেন না।’ এরপর তার প্রতিদ্বন্দ্বিতার জন্য কয়েকজন ৫০০ টাকার বাজিতে তাকে খালে ডুব দেওয়ার প্রস্তাব দেন।
বাবুল মোল্লা খালে নেমে ১০১ বার ডুব দেন। ডুব শেষ করে তীরে ওঠার পর অতিরিক্ত ঠান্ডায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক প্রাথমিকভাবে মৃত ঘোষণা করেন।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল হালদার জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে হাইপোথারমিয়া হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রাজাপুর থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ প্রাপ্ত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এবং এ ঘটনা সতর্কবার্তা হিসেবে স্থানীয়দের মনে রয়েছে যে, অতিরিক্ত ঠান্ডায় বিপজ্জনক ক্রীড়া বা বাজির অংশগ্রহণ কখনো জীবন সংকটে ফেলতে পারে।
রিপোর্টার্স২৪/এসসি