চট্টগ্রাম প্রতিনিধি: সাতকানিয়া আংশিক চট্টগ্রাম-১৪ আসনের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম নির্বাচনী প্রচারণার সময় দলীয় নেতা-কর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে দেওয়া তাঁর একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রায় ২ মিনিট ৪৪ সেকেন্ডের ওই অডিওতে কর্নেল অলি গণসংযোগ ও মিছিলের সময় অন্তত ১০–১৫ জন পরিচিত ও বিশ্বস্ত কর্মী দিয়ে নিজেকে এবং তাঁর ছেলে, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুককে ঘিরে রাখার নির্দেশ দেন। মিছিলের সামনে-পেছনে লোক রাখার পাশাপাশি কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তিকে কাছে আসতে না দেওয়ার কথাও বলেন তিনি।
বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে কর্নেল অলি বলেন, যত্রতত্র মব সৃষ্টির কারণে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এবং সামনে আরও অস্থিরতা ও রক্তপাতের আশঙ্কা রয়েছে। এ কারণে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।
অডিও বার্তায় মিছিল চলাকালে মোটরসাইকেল চলাচলেও কড়াকড়ি আরোপের নির্দেশ দেওয়া হয়। তিনি বলেন, মিছিলের সময় সামনে বা পেছন দিয়ে কোনো মোটরসাইকেল যেন চলাচল না করে; প্রয়োজনে লোক দিয়ে ঘিরে রাখতে হবে এবং মিছিল শেষ হওয়ার পরই যান চলাচল স্বাভাবিক হবে।
রিপোর্টার্স২৪/বাবি