চাঁদপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের পাঁচটি সংসদীয় আসনে এখন পর্যন্ত ৩৩ জন প্রার্থী অনলাইন ও সরাসরি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাচনী সেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৪ জন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) ৮ জন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) ৮ জন, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) ৯ জন এবং চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এ সময়ের মধ্যে আরও প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রাপ্ত তথ্যে জানাগেছে জেলা প্রশাসক কার্যালয় থেকে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে আ ন ম এহসানুল হক মিলন (বিএনপি), আনিসুর রহমান (খেলাফত মজলিস) ও মোশাররফ হোসেন (বিএনপি), চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে তানভীর হুদা (বিএনপি), আলহাজ্ব ড. জালাল উদ্দিন (বিএনপি), ফয়জুন নূর (স্বতন্ত্র), সরকার মাহবুব আহমেদ (স্বতন্ত্র) চাঁদপুর-৩ (সদর হাইমচর) শেখ ফরিদ আহমেদ মানিক (বিএনপি), তোফায়েল আহমেদ (খেলাফত মজলিস), জয়নাল আবেদীন (ইসলামী আন্দোলন), জাহাঙ্গীর হোসেন (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি), নুরুল ইসলাম (জাকের পার্টি), সেলিম আকবর (গণফোরাম), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে মোঃ আব্দুল হান্নান (বিএনপি), মকবুল হোসেন (ইসলামী আন্দোলন), আবুল কালাম আজাদ (বিএনপি) তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জেলা প্রশাসক কার্যালয় ছাড়াও সংশ্লিষ্ট উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেও প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন।
রিপোর্টার্স২৪/বাবি