রাজবাড়ি প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় পদ্মা নদীর দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সূত্র জানায়, সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। গভীর রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথ অস্পষ্ট হয়ে পড়ে, ফলে ঝুঁকি তৈরি হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের দুই প্রান্তে যাত্রীবাহী বাস, ট্রাক ও ছোট যানবাহন আটকা পড়েছে। তীব্র শীতে চালক, যাত্রী ও শ্রমিকদের ভোগান্তি বেড়েছে; শিশু ও বয়স্ক যাত্রীরা পড়েছেন বেশি দুর্ভোগে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, কুয়াশার তীব্রতা কমলে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করা হবে। বর্তমানে দৌলতদিয়া ঘাটে পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি