| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এক রাতেই রোহিঙ্গা ক্যাম্পে দুই অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হাসপাতালসহ একাধিক স্থাপনা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ০৯:৩০:৩৩:পূর্বাহ্ন  |  ১০৪৭৪৬৮ বার পঠিত
এক রাতেই রোহিঙ্গা ক্যাম্পে দুই অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হাসপাতালসহ একাধিক স্থাপনা

রিপোর্টার্স২৪ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক রাতের ব্যবধানে ঘটে গেছে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ড। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে পৃথক দুই স্থানে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পজুড়ে। এতে একটি পূর্ণাঙ্গ হাসপাতালসহ বেশ কয়েকটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে অবস্থিত একটি হাসপাতাল থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে আগুন নেভানোর কাজে নামেন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এই অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও হাসপাতালটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামো, যা ক্যাম্পবাসীর জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

২০১৭ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ওবাট হেলথ পোস্ট’ নামে এই হাসপাতালটি স্থাপন করে দাতব্য সংস্থা ওবাট হেলপারস ইউএসএ। বর্তমানে হিউম্যান ইন্টারন্যাশনাল ইউএসএর অর্থায়নে এবং ক্যাম্প প্রশাসনের সহায়তায় এটি পরিচালিত হয়ে আসছিল।

ওবাটের হেলথ কো-অর্ডিনেটর ডা. মাহামুদুল হাসান সিদ্দিকী রাশেদ জানান, হঠাৎ আগুনে পুরো স্বাস্থ্যকেন্দ্রটি পুড়ে গেছে। আগুন লাগার সঠিক কারণ এখনও নির্ধারণ করা যায়নি। এই হাসপাতাল থেকে আশপাশের রোহিঙ্গা ও স্থানীয় বাসিন্দারা বিনামূল্যে চিকিৎসা সেবা পেতেন।

রোহিঙ্গাদের কাছে ‘মালয়েশিয়া হাসপাতাল’ নামে পরিচিত এই স্বাস্থ্যকেন্দ্রটি ধ্বংস হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন অনেক শরণার্থী। ডি ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিক বলেন,  এই হাসপাতাল আমাদের পরিবারের জন্য ভরসা ছিল। এখান থেকেই নিয়মিত চিকিৎসা নিতাম। এখন পুড়ে যেতে দেখে খুব কষ্ট লাগছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ আহত হয়নি এবং আগুনের কারণ অনুসন্ধানে কাজ চলছে।

এর আগে একই রাতে, হাসপাতালের অগ্নিকাণ্ডের স্থান থেকে প্রায় চার কিলোমিটার দূরে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে আরেকটি অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত পাঁচটি ঘর পুড়ে যায়।

উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর কুতুপালং ১ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সহস্রাধিক ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি একজনের মৃত্যু হয়েছিল। শীত মৌসুমে ঘনঘন অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নতুন করে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪