রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানী ঢাকায় শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা শীতল বাতাসের প্রভাবে ঢাকাসহ আশপাশের এলাকায় তাপমাত্রা আরও কমে গেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস, যা শীতের তীব্রতা স্পষ্টভাবে অনুভব করাচ্ছে নগরবাসীকে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও ভোর ও সকালের দিকে শীতের অনুভূতি অব্যাহত থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ, যা শীতের অনুভূতি আরও বাড়িয়ে দেয়। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে।
অন্যদিকে, গতকাল রাতে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা সৃষ্টি হতে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে সড়ক যোগাযোগ ও অভ্যন্তরীণ নৌ চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যাওয়ার পাশাপাশি শীতের অনুভূতিও আরও বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রিপোর্টার্স২৪/ঝুম