রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর কাঁচাবাজারগুলোতে শীতের সবজির সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমেছে। এতে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে। নতুন মুড়িকাটা পেঁয়াজ এখন ৬০–৭০ টাকায় বিক্রি হচ্ছে, আমদানি করা পেঁয়াজের কেজি ৭০–৭৫ টাকার মধ্যে। অর্থাৎ, গত কয়েক সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম প্রায় অর্ধেক কমেছে।
বাজারে মুরগি, ডিম, মাছ এবং অন্যান্য মুদিপণ্য আগের মতোই স্থিতিশীল। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। শীতের কারণে ক্রেতাদের উপস্থিতি কিছুটা কম হলেও বিক্রেতারা বলছেন, দিনের বেলায় ক্রেতা সমাগম বাড়বে।
বিক্রেতারা জানান, শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। ফলে ক্রেতারা প্রয়োজনমতো সবজি কিনতে পারছেন। রামপুরা বাজারের এক ক্রেতা সোলেমন বলেন, গত বছর প্রায় পুরো সময় সবজির দাম বেশি ছিল। এখন ৩০–৪০ টাকায় সবজি পাওয়া যাচ্ছে। ১০০ টাকার সবজি কিনলে দু-চারদিনের জন্য যথেষ্ট।
বাজারে এখন বাঁধাকপি ও ফুলকপির দাম কমেছে। মাঝারি আকারের বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০–৩০ টাকায়, ফুলকপির দাম কমে ২৫–৩৫ টাকা। শিমের দামও কমেছে নতুন আসা বিচিওয়ালা শিম বিক্রি হচ্ছে ৬০ টাকায়, অন্যান্য জাতের শিম ৩০–৪০ টাকার মধ্যে।
আলু, মুলা ও বেগুনের দামও কমেছে। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ২০–২৫ টাকায়, মুলা ৩০–৪০ টাকায়, বেগুন ৪০–৬০ টাকায়। শাকের দামও কমেছে পালং শাক, লাল শাক ও মুলা শাকের আঁটি ১০–১৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাকা টমেটো এখনও তুলনামূলক বেশি দামে প্রতি কেজি ৬০–৮০ টাকা।
ডিম ও মুরগির বাজার গত কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল। প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১১৫–১২৫ টাকায়। ব্রয়লার মুরগি ১৫৫–১৬৫ টাকায়, সোনালি মুরগি ২৪০–২৬০ টাকায়। মাছের বাজারেও দাম একই রকম চাষের তেলাপিয়া, পাঙাশ, কই মাছ বিক্রি হচ্ছে ২০০ টাকার মধ্যে, রুই ও কাতলা মাছ ৩০০–৩৫০ টাকায়।
মুদি বাজারের অন্যান্য পণ্যের দামেও বিশেষ কোনো পরিবর্তন হয়নি।
রিপোর্টার্স২৪/ঝুম