| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীর হত্যাকাণ্ড সাম্প্রদায়িক নয়: সরকার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৪:১২:৪৪:অপরাহ্ন  |  ১০৪০৬৭৩ বার পঠিত
রাজবাড়ীর হত্যাকাণ্ড সাম্প্রদায়িক নয়: সরকার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স ২৪ডেস্ক: রাজবাড়ীর পাংশা এলাকায় গণপিটুনিতে একজন নিহত হওয়ার ঘটনাটি সাম্প্রদায়িক হামলা নয় বলে জানিয়েছে সরকার। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উদ্ভূত সহিংস পরিস্থিতিতেই এই হত্যাকাণ্ড ঘটে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

রাজবাড়ীর পাংশা থানাধীন এলাকায় বুধবার রাতে সংঘটিত এক হত্যাকাণ্ডকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়টি সরকারের নজরে এসেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পুলিশের তথ্য ও প্রাথমিক তদন্ত অনুযায়ী ঘটনাটি কোনোভাবেই সাম্প্রদায়িক হামলা নয়। এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সৃষ্ট সহিংসতার ফল।

নিহত ব্যক্তি অমৃত মণ্ডল ওরফে সম্রাট একজন শীর্ষ সন্ত্রাসী। তিনি চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতার সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক গুরুতর মামলা ছিল এবং গ্রেপ্তারি পরোয়ানাও জারি ছিল বলে জানানো হয়।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সম্রাটের সহযোগী সেলিমকে একটি বিদেশি পিস্তল ও একটি পাইপগানসহ আটক করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

সরকার এই হত্যাকাণ্ডের কঠোর নিন্দা জানিয়ে বলেছে, আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ড, গণপিটুনি বা সহিংসতা সরকার কোনোভাবেই সমর্থন করে না। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, একটি মহল নিহত ব্যক্তির ধর্মীয় পরিচয় সামনে এনে ঘটনাটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে, যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচার সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হতে পারে।

সরকার সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বিভ্রান্তিকর, উসকানিমূলক ও সাম্প্রদায়িক বক্তব্য প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। আইনশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪