| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন থেকে রক্তাক্ত উদ্ধার হওয়া শিশু শামীমের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৬:১৩:৪৬:অপরাহ্ন  |  ১০৫৪৩০৭ বার পঠিত
বন থেকে রক্তাক্ত উদ্ধার হওয়া শিশু শামীমের মৃত্যু
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের সাত ঘণ্টা পর বন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া শামীম (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। উদ্ধার হওয়ার তিন দিন পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ১০:৩০ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মামা সাব্বির হোসেন ও সখীপুর থানা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শামীম উপজেলার কালিয়ানপাড়া গ্রামের শাহিন আলমের ছেলে এবং স্থানীয় কীর্তনখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবা শাহিন আলম অজ্ঞাতপরিচয় আসামি করে থানায় মামলা করেছেন।

পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে শামীম বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় ফিরতে না পারায় পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ শুরু করেন। পরে রাত ৮টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের বন থেকে শামীমকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। রাত ৯টার দিকে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

নিহতের মামা সাব্বির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এটি শিয়ালের আক্রমণ। কিন্তু হাসপাতালে চিকিৎসকরা জানান, শিশুটির মাথা ও শরীরের আঘাত প্রমাণ করে এটি কোনো প্রাণীর আক্রমণ নয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। রহস্য উদঘাটনের জন্য জোর চেষ্টা চলছে।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪