| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাথমিকে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, স্থগিত পরীক্ষা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৬, ২০২৫ ইং | ১৮:৩০:৪৭:অপরাহ্ন  |  ১০৪১০৫৮ বার পঠিত
প্রাথমিকে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, স্থগিত পরীক্ষা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে তা স্থগিত ঘোষণা করে অধিদপ্তর। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বহু চাকরিপ্রার্থী।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত নির্ধারিত নিয়োগ পরীক্ষা ‘অনিবার্য কারণবশত’ স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন তারিখ ও সময় পরে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তবে পরীক্ষার্থীদের একটি অংশ দাবি করছেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণেই হঠাৎ করে পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার দুপুর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে একাধিক পোস্ট ছড়িয়ে পড়ে।

ফেসবুকে মোহাম্মদ সৌরভ নামে একজন লেখেন, প্রশ্ন ফাঁস! প্রাইমারির হিসাব সহকারী পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। আজ বিকেলে এই প্রশ্নেই পরীক্ষা হওয়ার কথা ছিল।

আরেকজন ব্যবহারকারী ইমানুল সোহান লেখেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে হাজার হাজার নিয়োগপ্রার্থী তাৎক্ষণিকভাবে অধিদপ্তরের সামনে জড়ো হয়েছেন।

যদিও পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রশ্নপত্রটি প্রকৃতপক্ষে ওই পরীক্ষার ছিল কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, পরীক্ষা দিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা চাকরিপ্রার্থীরা শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর পর স্থগিতের খবর জানতে পারেন।

পরীক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা শুরুর আগে দুপুর থেকেই প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছিল। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪