সিনিয়র রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২৫ ডিসেম্বর দেশের প্রতি ১৭ বছরের নির্বাসন পর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে ভারতীয় একটি গণমাধ্যম বিভ্রান্তিকর শিরোনাম প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্টের অনুসন্ধান অনুযায়ী, তারেক রহমান তার ভাষণে ভারত সম্পর্কে কোনো মন্তব্য করেননি। কিন্তু ‘এবিপি আনন্দ’ নামের ভারতীয় গণমাধ্যম সংবাদ শিরোনামে ‘ভারত নিয়ে পরিকল্পনা’ যুক্ত করেছে, যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। বাংলাফ্যাক্ট জানায়, এই বিভ্রান্তিকর শিরোনামের পেছনে ভাষণের একটি অংশের ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ কথাটিকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবর্ধনা ভাষণে যুক্তরাষ্ট্রের বর্ণবৈষম্য বিরোধী নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ বক্তব্যকে স্মরণ করে বলেন, “আই হ্যাভ অ্যা প্ল্যান। ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি।” তিনি জানান, তাঁর পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে এবং দেশের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে। কিন্তু ভাষণে ভারত সম্পর্কে কোনো কথা বলেননি।
বাংলাফ্যাক্ট জানায়, গত এক বছর ধরে ভারতের কিছু গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং স্থানীয় ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব ভুয়া খবর ও অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দল ও আন্দোলনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট নিয়মিতভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভুয়া খবর শনাক্ত করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে।
রিপোর্টার্স২৪/এসসি