স্টাফ রিপোর্টার: ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শীত উপেক্ষা করে গভীর রাত পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন নারী-পুরুষ ও শিশুরা। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকেও খোলা আকাশের নিচে স্লোগান, কবিতা আবৃত্তি ও গান চলতে দেখা যায়।
ইনকিলাব মঞ্চের ডাকে ঘোষিত এই কর্মসূচিতে অংশ নিতে আজিমপুর, জিগাতলা, মোহাম্মদপুর ও আশপাশের এলাকা থেকে অনেক পরিবার সন্তানদের নিয়ে শাহবাগে জড়ো হন। অংশগ্রহণকারীরা বলেন, হাদি সত্য ও ন্যায়ের পথে দাঁড়িয়ে জীবন দিয়েছেন, তাঁর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
শুক্রবার দিবাগত রাতের এ দৃশ্য রাজধানীর শাহবাগ মোড়ের। শীত উপেক্ষা করে এখানে যাঁরা খোলা আকাশের নিচে বসে আছেন, তাঁরা সবাই এসেছেন শরিফ ওসমান বিন হাদির বিচারের দাবিতে। সেখানে স্লোগান হচ্ছে ‘হাদি হত্যার বিচার চাই’ বলে, চলছে কবিতা আবৃত্তি, কেউ গাইছেন হাদিকে নিয়ে গান। কেউ আবার একটু হেঁটে গিয়ে দূর থেকে জিয়ারত করে আসছেন হাদির কবর!
আয়োজক পক্ষ ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদি হত্যার বিচার দাবিতে শনিবারও শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দিয়ে রাখা হয়েছে। তবে এদিন সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারতে আসার সময়সূচি ঘোষণা করা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা আমাদের তরফ থেকে থাকবে।
রাতের শেষভাগেও নতুন করে লোকজন শাহবাগে আসতে দেখা যায়, আবার কেউ কেউ কয়েক ঘণ্টা অবস্থানের পর ফিরে যান। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।