রিপোর্টার্স২৪ ডেস্ক: ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রাত থেকে শনিবার (২৭ ডিসেম্বর) ভোর পর্যন্ত ১০টি আন্তর্জাতিক ফ্লাইট নিরাপদভাবে অবতরণ করতে পারেনি। কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তার কারণে ফ্লাইটগুলো বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ৮টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট, আজারবাইজানের বাকু থেকে সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, জেদ্দা ও শারজাহ থেকে আসা তিনটি ফ্লাইট, কুয়েত থেকে জাজিরা এয়ারওয়েজের একটি এবং তুরস্কের ইস্তাম্বুল থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতায় অবতরণ করেছে।
এছাড়া কুয়েত থেকে আগত কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট ব্যাংককে পাঠানো হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের রিয়াদ থেকে আসা একটি ফ্লাইট এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মাম থেকে আসা একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ ঢাকা পোস্টকে জানিয়েছেন, মোট ৮টি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে সকল ফ্লাইট পুনরায় স্বাভাবিকভাবে পরিচালনা হবে। বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনসমূহ প্রয়োজন অনুযায়ী খাবার ও হোটেল সুবিধা প্রদান করছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে সড়ক যোগাযোগ ও অভ্যন্তরীণ নৌ চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কুয়াশার কারণে অনেক এলাকায় দৃশ্যমানতা কমে যেতে পারে এবং শীতের অনুভূতিও বেড়ে যেতে পারে।
রিপোর্টার্স২৪/ঝুম