| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোববার বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৭, ২০২৫ ইং | ১৪:৪০:৩৮:অপরাহ্ন  |  ১০৩৪৯০১ বার পঠিত
রোববার বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণ

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামীকাল রবিবার বঙ্গভবনে বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ-এর স্থলাভিষিক্ত হচ্ছেন।

এর আগে গত মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম গণমাধ্যমকে জানিয়েছিলেন, নির্ধারিত সময় অনুযায়ী    আগামীকাল বঙ্গভবনেই নতুন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবিধানের বিধান অনুযায়ী বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আজ ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অবসরে যাচ্ছেন। আজ তার বয়স পূর্ণ হচ্ছে ৬৭ বছর, যা বিচার বিভাগের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনের সাংবিধানিক মেয়াদ শেষ হওয়ার সীমা।

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাজ্যে গিয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। পেশাগত জীবনে তিনি ১৯৮৫ সালে জেলা জজ আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

তৎকালীন বিএনপি সরকারের আমলে ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তার নিয়োগ স্থায়ী হয়। দীর্ঘ বিচারিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় সর্বশেষ ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের বিচার বিভাগের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন আইন অঙ্গনের সংশ্লিষ্টরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪