রিপোর্টার্স২৪ ডেস্ক: একদিনে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ১৫৪টি ট্রেনে অভিযান চালিয়ে টিকিটবিহীন ৬ হাজার ৮০ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। এসব যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানাসহ মোট ১৩ লাখ ৭৫ হাজার ১৩৫ টাকা আদায় করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্যে এ তথ্য জানানো হয়।
রেলওয়ের তথ্যমতে, গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে ৯১ জন ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) দায়িত্ব পালন করেন। তারা ৭১টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এ সময় টিকিটবিহীন ২ হাজার ২৮০ জন যাত্রীকে শনাক্ত করা হয়। অভিযানে ভাড়া বাবদ আদায় করা হয়েছে ৩ লাখ ৬৪ হাজার ২৭৫ টাকা এবং জরিমানা বাবদ আদায় হয়েছে ১ লাখ ৭২ হাজার ৩৭০ টাকা। সব মিলিয়ে পূর্বাঞ্চলে মোট আদায় দাঁড়িয়েছে ৫ লাখ ৩৬ হাজার ৬৪৫ টাকা। এদিন সেখানে মোট ২ হাজার ৪০৮টি টিকিট যাচাই করা হয়।
অন্যদিকে, রেলওয়ের পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে ৯০ জন টিটিই ৮৩টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম চালান। এতে টিকিটবিহীন ৩ হাজার ৮০০ জন যাত্রী শনাক্ত হয়। অভিযানে ভাড়া আদায় হয়েছে ৬ লাখ ১৫ হাজার ৯৫৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ২ লাখ ২২ হাজার ৫৩৫ টাকা। সব মিলিয়ে পশ্চিমাঞ্চলের মোট আয় দাঁড়িয়েছে ৮ লাখ ৩৮ হাজার ৪৯০ টাকা। এ ছাড়া সেখানে মোট ১ হাজার ২৩২টি টিকিট যাচাই করা হয়।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, টিকিট ছাড়া ভ্রমণ রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/আয়েশা