ঢাবি প্রতিনিধি: অন্তর্বর্তী সরকার থাকাকালীনই শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা শুধু সরকারের নয়, বরং একটি জাতীয় দায়িত্ব।
শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আশ্বাস দেন। বক্তব্যে রিজওয়ানা হাসান জানান, শহীদ হাদির পরিবারের সঙ্গে অন্তর্বর্তী সরকার নিয়মিত যোগাযোগ রাখছে এবং তদন্ত ও বিচারপ্রক্রিয়া সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, এই বাংলাদেশের মাটিতে, অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়ের মধ্যেই যারা আমাদের হাদিকে হত্যা করেছে, তাদের বিচার সম্পন্ন করা হবে। শহীদ হাদির মৃত্যু ছিল অত্যন্ত করুণ ও হৃদয়বিদারক। আমি তাকে আমার ভাইয়ের মতো মনে করতাম। দেশের জন্য তার শহীদ হয়ে যাওয়াটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
হাদির জানাজায় বিপুল মানুষের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, যে মানুষের জানাজায় ১২ থেকে ১৫ লাখ মানুষ অংশ নিয়েছে, তার হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব।
উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার হয়তো আন্দোলনকারীদের মতো শাহবাগে বসে নেই, তবে সরকার এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে নিরলসভাবে কাজ করছে। আমরা শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে তদন্ত চালাচ্ছি। সে কারণে এমন কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না, যা প্রতিপক্ষকে শক্তিশালী করে তুলতে পারে, বলেন তিনি।
রিজওয়ানা হাসান জানান, সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত শেষ করে একটি শক্তিশালী ও সুনির্দিষ্ট চার্জশিট দাখিল করা হবে। ইনশাআল্লাহ, ৭ জানুয়ারি ২০২৫-এর পর এই হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়া হবে এবং অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েই দ্রুত বিচার সম্পন্ন করা হবে, বলেন তিনি।
তিনি অতীতের দৃষ্টান্ত টেনে বলেন, আসিয়া হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র ছয় কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করা হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই এবারও সরকার এমন চার্জশিট দিতে চায়, যাতে কোনো ধরনের ফাঁকফোকর না থাকে।
পলাতক আসামিদের বিষয়ে তিনি জানান, অভিযুক্তরা দেশত্যাগ করে থাকলেও তাদের বিরুদ্ধে ইন অ্যাবসেনশিয়া (অনুপস্থিতিতে) বিচার চালানো হবে। পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ভারত সরকারকে বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছে এবং তারা সহযোগিতার আশ্বাস দিয়েছে, বলেন তিনি।
তদন্তের স্বার্থে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয় উল্লেখ করে উপদেষ্টা জানান, হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে আগামীকাল সকাল সাড়ে ৬টায় টিভি পুলিশ একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
রিপোর্টার্স২৪/বাবি