| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহবাগ থানার দুই মামলায় জামিনে মুক্ত এনসিপি নেতা আখতার

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৮, ২০২৫ ইং | ১৫:১৩:২৫:অপরাহ্ন  |  ৩০৭৩৮৮ বার পঠিত
শাহবাগ থানার দুই মামলায় জামিনে মুক্ত এনসিপি নেতা আখতার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: হত্যাচেষ্টা, দাঙ্গা, বেআইনি সমাবেশ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা পৃথক দুই মামলায় আত্মসমর্পণ করে ১ হাজার ৫০০ টাকা মুচলেকায় জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ ও জশিতা ইসলামের আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আখতার হোসেনের আইনজীবী মো. মুজাহিদুর ইসলাম জানান, ২০২১ সালে দায়ের করা পৃথক দুই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আখতার হোসেন। শুনানি শেষে একটি মামলায় ৫০০ টাকা এবং অপর মামলায় ১ হাজার টাকা মুচলেকায় জামিন দেওয়া হয়।

শুনানির আগে আখতার হোসেন জানান, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছিল। এর মধ্যে চারটি মামলায় তিনি ইতোমধ্যে অব্যাহতি পেয়েছেন। বাকি দুটি মামলায় রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতাকে কেন্দ্র করে শাহবাগ থানায় আখতার হোসেনের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। ওই বছরের ১৩ এপ্রিল রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের সময় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে পৃথক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এ ছাড়া ২০২২ সালের ৭ অক্টোবর আবরার ফাহাদের স্মরণসভা উপলক্ষে ছাত্রলীগের হামলায় আখতার হোসেনসহ ২৪ জন আহত হন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পরে জুলাই অভ্যুত্থানের সময় ১৭ জুলাই রাজু ভাস্কর্যের সামনে আবু সাইদের জানাজাকে কেন্দ্র করে আখতার হোসেনকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে শাহবাগ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।

সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা থাকলেও চারটিতে তিনি অব্যাহতি পেয়েছেন। বাকি দুটি মামলায় রোববার আদালত থেকে জামিন পেলেন তিনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪