রিপোর্টার্স২৪ডেস্ক: সারাদেশে ঘন কুয়াশার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ঘোষণা কার্যকর থাকবে।
বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তা মো. সোলায়মান জানান,আজ সন্ধ্যা ৬টা থেকে কোনো নৌযানকে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। একইসঙ্গে সারাদেশের কোনো নদীবন্দর থেকেও লঞ্চ বা অন্যান্য নৌযান চলাচল করছে না।
বিআইডব্লিউটিএ জানিয়েছে, ঘন কুয়াশায় দেশের বিভিন্ন স্থানে নৌপথে একের পর এক দুর্ঘটনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত শুক্রবার মধ্যরাতের পর থেকে চাঁদপুর ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গোসহ একাধিক নৌযানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
রিপোর্টার্স২৪/এসসি