স্টাফ রিপোর্টার: দেশের বাজারে টানা অষ্টমবারের মতো সোনার দাম বেড়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে দাম। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। নতুন এ দর আগামীকাল সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির তথ্য জানায়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধির কারণে সোনার বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দরে ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে দুই লাখ ১৮ হাজার ৯৯২ টাকায়।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম হবে এক লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা।
এদিকে রুপার দামও বেড়ে নতুন রেকর্ড গড়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৬৫ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৫৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম চার হাজার ৯৫৭ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৭৩২ টাকা।
রিপোর্টার্স২৪/এসসি