স্টাফ রিপোর্টার: নগর পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ২৫ জন নারী উদ্যোক্তাকে নার্সারি স্থাপনের জন্য জায়গা বরাদ্দ দিয়েছে। প্রতিজন উদ্যোক্তাকে ২০০ বর্গফুট করে অস্থায়ী জায়গা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) গুলশান ডিএনসিসি নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে বরাদ্দপত্র তুলে দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, প্রাথমিকভাবে ২৫ জনকে এই সুবিধা দেওয়া হলেও পর্যায়ক্রমে ১০০ জন নারী উদ্যোক্তাকে জায়গা বরাদ্দ দেওয়া হবে।
প্রশাসক বলেন, ঢাকায় উন্মুক্ত ও সবুজ জায়গার সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। নগরকে বাসযোগ্য রাখতে সবুজায়ন বাড়ানোর পাশাপাশি নারী নেতৃত্বাধীন গ্রিন স্পেস গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
অনুষ্ঠানে সুবিধাভোগী উদ্যোক্তা সোনিয়া হক বলেন, নির্দিষ্ট জায়গা পাওয়ায় এখন স্থায়ীভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে, যা পরিবেশ উন্নয়নেও ভূমিকা রাখবে।
ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী প্রমুখ।
রিপোর্টার্স২৪/বাবি