স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৬৯ পিস ইয়াবাসহ এক বিমানযাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম মো. নবী হোসেন (৪৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা।
রোববার (২৪ ডিসেম্বর) কক্সবাজার থেকে ঢাকাগামী নভোএয়ারের ফ্লাইট আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের কার পার্কিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
এপিবিএনের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পায়ুপথে ইয়াবা পরিবহনের কথা স্বীকার করেন ওই যাত্রী। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে এক্স-রে পরীক্ষায় তার শরীরে তিনটি ডিম্বাকৃতির বস্তু শনাক্ত হয়।
পরবর্তীতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাকৃতিক কার্য সম্পাদনের মাধ্যমে কসটেপে মোড়ানো তিনটি পোটলা উদ্ধার করা হয়। পোটলাগুলো খুলে মোট ৯৬৯ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি