| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১২:৫২:৪৯:অপরাহ্ন  |  ১০৫০৮৮৪ বার পঠিত
১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা

রিপোর্টার্স২৪ ডেস্ক: আগামী ১ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মেলার শুভ উদ্বোধন করবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, এবারের মেলায় ৩২৪টি স্টল/প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। অনলাইনে স্টল বুকিং, ই-টিকিটিং ও কিউআর কোড স্ক্যানের মাধ্যমে মেলায় প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে বিআরটিসি ডেডিকেটেড বাসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিসও চালু থাকবে।

মেলায় দেশের রপ্তানি খাত, হস্তশিল্প, কুটির শিল্প, পাটজাত পণ্য, ইলেক্ট্রনিক্স, ফার্নিচার, ফাস্ট ফুড, হোম ডেকর, কসমেটিক্স ও অন্যান্য শিল্পপণ্য প্রদর্শিত হবে। বিশেষ ‘Export Enclave’ তৈরি করা হয়েছে রপ্তানিকারক ও উদ্যোক্তাদের কার্যক্রম প্রদর্শনের জন্য। এছাড়া, ৫২-এর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে ‘বাংলাদেশ স্কয়ার’ নির্মাণ করা হয়েছে।

সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার, শিশুদের বিনোদনের জন্য দুটি শিশু পার্ক, মা ও শিশু কেন্দ্র, রক্ত সংগ্রহ কেন্দ্র, এটিএম বুথ ও মসজিদের ব্যবস্থা থাকবে। পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ, বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্যাগ সরবরাহ করা হবে।

মেলা প্রতিদিন সকাল ৯:৫৫ টা থেকে রাত ৯:৫০ টা পর্যন্ত চলবে। প্রাপ্তবয়স্কদের টিকিট ৫০ টাকা, শিশুদের ২৫ টাকা। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আন্দোলনের আহতরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪