রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ীদের শান্তিপূর্ণ মানববন্ধনের সময় হামলার ঘটনা ঘটেছে। হামলার পর থেকে ব্যবসায়ীদের সঙ্গে চাঁদাবাজদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলার পর,এখন সেখানে সেনা মোতায়েন করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টায় এই ঘটনা ঘটে। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ‘আত্মস্বীকৃত চাঁদাবাজ’এবং বহিষ্কৃত তেজগাঁও থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে চাঁদা আদায় করছে। মানববন্ধনে চাঁদাবাজি বন্ধ এবং আব্দুর রহমানের গ্রেফতারের দাবিতে তারা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছিলেন।
ব্যবসায়ীরা জানান, মানববন্ধনে হামলা চালানো হয় আব্দুর রহমানের অনুসারীদের দ্বারা। এতে কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন। কারওয়ান বাজারের এক ব্যবসায়ী হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে চাঁদাবাজ আব্দুর রহমানকে গ্রেফতার না করা হলে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে আন্দোলনে নামবে।
জানা গেছে, হামলার পর ব্যবসায়ীরা লাঠিসোটা নিয়ে চাঁদাবাজদের ধাওয়া করেছেন। এরপর থেকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম