স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা দুই দিন বাড়ানো হতে পারে। নির্বাচন কমিশনের (ইসি) একটি নির্ভরযোগ্য সূত্র সোমবার এ তথ্য জানিয়েছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারিত ছিল। তবে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়ন দাখিলের সময় আরও দুই দিন বাড়ানোর বিষয়ে কমিশনের ভেতরে আলোচনা চলছে এবং শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এরপর ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন তফসিল সংশোধন করে একটি প্রজ্ঞাপন জারি করে। সংশোধিত প্রজ্ঞাপনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা দুই দিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বাড়ানো হয়।
ইসির প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীনে জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন আয়োজন প্রয়োজন। সে অনুযায়ী গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুসারে নির্বাচন কমিশন প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে একজন সদস্য নির্বাচনের জন্য ভোটারদের আহ্বান জানিয়ে এই সময়সূচি ঘোষণা করে।
পূর্বঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। বাছাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স২৪/এসসি