| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তি বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা মোকাবিলা করা হবে: প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ২৯, ২০২৫ ইং | ১৬:৫৩:৩৯:অপরাহ্ন  |  ৩০১৪৬৬ বার পঠিত
শান্তি বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা মোকাবিলা করা হবে: প্রধান উপদেষ্টা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের আগে দেশের শান্তি বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

সাক্ষাৎকালে তারা আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম সংস্কার এবং দু’দেশের মধ্যে সার্বিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

জ্যাকবসন বলেন, গত ১৭ মাসে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি ফেব্রুয়ারির নির্বাচনে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। তিনি পুনর্ব্যক্ত করেন যে, সংসদ নির্বাচন ও গণভোট উভয়ই সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রস্তুতি চলছে।

অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম সংস্কার নিয়ে জ্যাকবসন বলেন, নতুন শ্রম আইন উল্লেখযোগ্য ও অসাধারণ এবং এটি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি পূর্ববর্তী সরকারের অধীনে শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা ৪৬টি মামলার মধ্যে ৪৫টি প্রত্যাহারের জন্য সরকারের প্রশংসা করেন।

প্রফেসর ইউনূস বলেন, নতুন শ্রম অধ্যাদেশ একটি ‘চমৎকার আইন’, যা দেশের শীর্ষস্থানীয় শ্রমিক সংগঠনগুলোর দ্বারা স্বাগত জানানো হয়েছে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন অনুমোদনের মাধ্যমে এর গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।

এছাড়া তারা রোহিঙ্গাদের মানবিক সহায়তা ও অর্থায়ন বিষয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ক্যাম্পে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গার জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রদানে যুক্তরাষ্ট্র একক বৃহৎ দেশ হিসেবে অবদান রাখছে।

সাক্ষাত্কারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪