স্টাফ রিপোর্টার: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ ডিসেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এতথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬১ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে যথাক্রমে ৯৯৯ ও ১৮৫৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৩০৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৭৬ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে ৩৮৫ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
সোমবার ডিএসইতে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪২টি কোম্পানির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো- সিটি ব্যাংক, সোনালি পেপার, আলহাজ্ব টেক্সটাইল, রহিমা ফুড, স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক, বিএসসি, সায়হাম কটন ও ফাইন ফুডস।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬১৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৫টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর।
এদিন সিএসইতে ১১ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৮ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ১৯ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
রিপোর্টার্স২৪/ধ্রুব