স্টাফ রিপোর্টার: ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষিতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সোমবার (২৯ ডিসেম্বর) রাতে তিনি দেশে ফেরেন—মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
কূটনৈতিক সূত্র জানান, দিল্লি ও ঢাকার মধ্যে সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষত বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতীয় মহল থেকে উত্থাপিত অভিযোগ ও বর্বরপ্রচারের প্রেক্ষিতে বিস্তারিত আলোচনা করতে তাকে তলব করা হয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশি মিশনগুলোর ভিসা কার্যক্রম সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্তও কূটনৈতিক সম্পর্ককে উত্তেজনাপূর্ণ করেছে।
গত ২৩ ডিসেম্বর দুই দেশের কূটনৈতিক ইতিহাসে বিরল ঘটনার মধ্য দিয়ে একে অপরের হাইকমিশনার পাল্টাপাল্টি তলব করা হয়। এ ঘটনাপ্রবাহের মধ্যেই গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘২৯০০টি সহিংস ঘটনা’ থাকার দাবি করেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন হিসেবে প্রত্যাখ্যান করে; মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম ভারতীয় পক্ষকে বিভ্রান্তিকর বর্ণনা ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হাইকমিশনারকে দেশে এনে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, ঘটনার সুনির্দিষ্ট তথ্য ও পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি