স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলনে (কপ) দেশের উচ্চপর্যায়ের নেতৃত্বের অংশগ্রহণ অপরিহার্য। প্রধানমন্ত্রী বা উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে একটি দেশ যে গুরুত্ব ও মনোযোগ পায়, তা অন্য পর্যায়ের প্রতিনিধিদের ক্ষেত্রে সম্ভব নয়।
সোমবার (২৯ ডিসেম্বর) তুলা উন্নয়ন বোর্ডে আয়োজিত ডি-ব্রিফিং কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের জন্য একটি দক্ষ এক্সপার্ট গ্রুপ গঠন জরুরি। জলবায়ু পরিবর্তনজনিত সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে সম্মিলিতভাবে উদ্যোগ নেওয়া প্রয়োজন।
উপদেষ্টা আরও বলেন, উৎপাদন বৃদ্ধির জন্য খামারিরা বিদেশি জাতের প্রতি ঝুঁকলেও জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে দেশীয় জাত অধিক উপযোগী। দেশীয় জাতের সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্ব দিতে হবে। এছাড়া জেনেটিক্যালি মডিফায়েড অর্গানিজম (জিএমও) থেকে সৃষ্ট সমস্যার দিকেও দৃষ্টি দিতে হবে।
কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ। তিনি জানান, সরকার জলবায়ু খাতে নিজস্ব তহবিল থেকে ৩৫ লাখ ডলার বরাদ্দ করছে এবং সরকারি ও বেসরকারি এক্সপার্টদের একত্রিত করে কাজ করার পরিকল্পনা রয়েছে।
অন্যান্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিরাও কর্মশালায় অংশগ্রহণ করেন।