| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দিল্লি থে‌কে বাংলাদেশের হাইকমিশনারকে জরুরি ঢাকায় তলব

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১০:১৮:৩৯:পূর্বাহ্ন  |  136884 বার পঠিত
দিল্লি থে‌কে বাংলাদেশের হাইকমিশনারকে জরুরি ঢাকায় তলব

স্টাফ রিপোর্টার: ভারতের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্কের সর্বশেষ অবস্থা সরাসরি মূল্যায়নের লক্ষ্যে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারি নির্দেশনা পেয়ে তিনি সোমবার রাতেই ঢাকায় পৌঁছান।

হাইকমিশনারের ঢাকা প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানায়, ভারতের সঙ্গে চলমান উত্তেজনা, নিরাপত্তা ইস্যু এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে মাঠপর্যায়ের বাস্তব চিত্র জানতে তাকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠানো হয়েছে।

সূত্র আরও জানায়, ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক ও সাম্প্রতিক সংকট পর্যালোচনায় সোমবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের মধ্যে একদফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। খুব শিগগিরই তারা দিল্লি থেকে ফেরা হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠকে বসতে পারেন।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি এবং ময়মনসিংহে পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ভারতে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া এবং বিক্ষোভ পরিস্থিতি সৃষ্টি হয়।

ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এর জেরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের ভিসা ও কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয় ঢাকা। একই সময়ে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্রে হামলা চালায় হিন্দুত্ববাদী তিনটি সংগঠন। নিরাপত্তাজনিত কারণে ওই ভিসা কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

অন্যদিকে, বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে হামলার ঘটনাও দুই দেশের সম্পর্কে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। এসব ঘটনার পর ঢাকা ও দিল্লিতে উভয় দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলব দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রার চাপ তৈরি করেছে।

কূটনৈতিক সূত্র জানায়, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ও ভারত দুই দফা করে পরস্পরের কূটনীতিকদের তলব করেছে। সর্বশেষ গত ২৩ ডিসেম্বর সকালে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। এর কয়েক ঘণ্টা পরই একই দিন বিকেলে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে।

একই দিনে দুই দেশের শীর্ষ কূটনীতিকদের পাল্টাপাল্টি তলবের ঘটনা বাংলাদেশ-ভারত সম্পর্কের ইতিহাসে এই প্রথম, যা চলমান কূটনৈতিক উত্তেজনাকে আরও স্পষ্ট করে তুলেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪