| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ১০:৩৩:৪৩:পূর্বাহ্ন  |  116661 বার পঠিত
জকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ (জকসু) নির্বাচন হঠাৎ স্থগিত ঘোষণার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে তারা আন্দোলন শুরু করেন।

সকাল ৯টার পরপরই শিক্ষার্থীরা একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। বিক্ষোভকারীরা নির্বাচন অবিলম্বে আয়োজনের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে সোমবার রাতে এক জরুরি সিন্ডিকেট সভায় জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম জানান, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্বাচন আপাতত স্থগিত করা হয়েছে।

নির্বাচন স্থগিত প্রসঙ্গে উপাচার্য বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী জকসু নির্বাচন স্থগিত করা হয়েছে। কবে নির্বাচন অনুষ্ঠিত হবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, মঙ্গলবারই জকসু নির্বাচনের ভোটগ্রহণের নির্ধারিত দিন ছিল। সকাল ৮টা ৩০ মিনিটে ভোট গ্রহণ শুরুর কথা থাকলেও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে। সভায় আলোচনার পর নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।

হঠাৎ এই ঘোষণায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। তারা দাবি করেন, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন আয়োজন করা উচিত ছিল এবং প্রশাসনের এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত প্রশাসনিক সতর্কতা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪