রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় এ সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় বলা হয়, আজ ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাতিসংঘ গভীরভাবে মর্মাহত। এই শোকাবহ মুহূর্তে জাতিসংঘ তাঁর পরিবার, স্বজন ও ঘনিষ্ঠজনের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে থাকার কথাও উল্লেখ করা হয়।
খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়নও গভীর শোক প্রকাশ করেছে। ঢাকায় অবস্থিত ইইউ মিশনের শোকবার্তায় বলা হয়, বাংলাদেশের জনগণের প্রতি ইউরোপীয় ইউনিয়ন গভীর সমবেদনা প্রকাশ করছে। বেগম খালেদা জিয়ার জীবন ও নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে একটি বিশেষ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
এ ছাড়া ফ্রান্স, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনও আলাদা আলাদা বার্তায় সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদ্রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রিপোর্টার্স২৪/এসসি