রিপোর্টার্স২৪ ডেস্ক: সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। জানাজা ও দাফনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য তুলে ধরেন প্রেসসচিব। বৈঠকে খালেদা জিয়ার জানাজা, দাফন এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রেসসচিব শফিকুল আলম বলেন, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের প্রস্তুতি কীভাবে সম্পন্ন করা হবে, তা নিয়ে আজকের সভায় আলোচনা হয়েছে। বিএনপির সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই সব কার্যক্রম সম্পন্ন করা হবে।
তিনি জানান, বুধবার (৩১ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনে আনা হবে। মরদেহ বহনের পুরো রাস্তাজুড়ে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ আনার পাশাপাশি জানাজা ও দাফনের প্রতিটি ধাপ রাষ্ট্রীয় প্রটোকল অনুসরণ করে সম্পন্ন করা হবে।
প্রেসসচিব আরও বলেন, খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ দেশি-বিদেশি কূটনীতিকরা উপস্থিত থাকবেন। এছাড়া জাতীয় সংসদ ভবন, দেশের বিভিন্ন দূতাবাস এবং বিএনপির দলীয় কার্যালয়গুলোতে শোক বই খোলা হবে।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে শফিকুল আলম জানান, জানাজা ও দাফনকে কেন্দ্র করে ১০ হাজারের বেশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। প্রয়োজন অনুযায়ী কিছু এলাকায় সেনাবাহিনীও দায়িত্ব পালন করবে। সার্বিকভাবে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/ঝুম