রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে খালেদা জিয়ার জানাজা, দাফন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
প্রেসসচিব বলেন, খালেদা জিয়ার জানাজা, দাফন ও নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে তা নিয়ে আজ সভা হয়েছে। বিএনপির সঙ্গে আলোচনা করেই সব প্রস্তুতি ও কার্যক্রম সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, বুধবার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনে নেওয়া হবে। এ সময় পুরো রাস্তাজুড়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ বহন করা হবে।
শফিকুল আলম বলেন, জানাজা ও দাফনের সব আনুষ্ঠানিকতা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে।
তিনি জানান, খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা, বিএনপির শীর্ষ নেতারা এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন। পাশাপাশি জাতীয় সংসদ ভবন, বাংলাদেশের বিভিন্ন দূতাবাস এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শোক বই খোলা হবে।
প্রেসসচিব আরও বলেন, জানাজা ও দাফন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। এ উপলক্ষে ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।
রিপোর্টার্স২৪/এসসি