রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের এই তথ্য জানান।
তিনি বলেন, ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করছে।
জানা গেছে, রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ২ হাজার ৫৭০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়নপত্র দাখিলের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও কোন দল কত প্রার্থী দিয়েছে বা স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা কত, তা নির্বাচন কমিশন জানিয়েছে না।
বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। তবে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। এছাড়া পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল হয়েছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়কাল ৫ থেকে ৯ জানুয়ারি, এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
রিপোর্টার্স২৪/এসসি