রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন ঘটছে। অন্তত ছয়জন সচিব অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন এবং তাদের জায়গায় নতুন সচিব নিয়োগের প্রস্তুতি চলছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান আগামীকাল (বুধবার) অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন। একইভাবে, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোকাব্বির হোসেন ১ জানুয়ারি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক ২ জানুয়ারি এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ ওমর ফারুক ৩ জানুয়ারি অবসর গ্রহণ করবেন।
ফেব্রুয়ারিতে অবসরোত্তর ছুটিতে যাচ্ছেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক তসলিমা কানিজ নাহিদা এবং পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. মোস্তাফিজুর রহমান।
সরকারি সূত্র জানিয়েছে, প্রশাসনের ১৫ ও ১৭ ব্যাচের কর্মকর্তাদের মধ্যে থেকে নতুন সচিব নিয়োগের কাজ চলছে। জনপ্রশাসন, স্থানীয় সরকার, পরিকল্পনা, সমাজকল্যাণ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রধান সচিব পদে নিয়োগের তালিকায় কর্মকর্তাদের নাম আলোচনার মধ্যে রয়েছে।
এক কর্মকর্তা বলেন, সচিব পদোন্নতি সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। জনপ্রশাসন মন্ত্রণালয় যোগ্য কর্মকর্তাদের তথ্য উপস্থাপন করে, সিদ্ধান্ত নেন সরকারপ্রধান।
নিয়ম অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের ক্ষেত্রে ইসির অনুমতি প্রয়োজন হয়। তবে নিয়মিত পরিবর্তনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সম্মতি বাধ্যতামূলক নয়।
রিপোর্টার্স২৪/এসসি