রিপোর্টার্স২৪ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে একটি শোকবার্তা পাঠান। একই দিনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে পৃথক শোকবার্তা পাঠান।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শোকবার্তাগুলোতে জাপানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় মৈত্রী সম্পর্কের ভিত্তি সুদৃঢ় করতে বেগম খালেদা জিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।
প্রসঙ্গত, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকরা বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক মহল থেকে শোক ও সমবেদনা জানানো হচ্ছে।