রিপোর্টার্স২৪ডেস্ক: দেশের সব সরকারি ও বেসরকারি কলেজের জন্য ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঘোষিত তালিকা অনুযায়ী শিক্ষাবর্ষে মোট ৭২ দিন ছুটি থাকবে। এর মধ্যে পবিত্র রমজান মাসজুড়ে সব কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উপসচিব মো. আব্দুল কুদ্দুস সই করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, পবিত্র রমজান, দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে টানা ২৬ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এই ছুটি কার্যকর হবে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত।
এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি থাকবে। দুর্গাপূজাসহ অন্যান্য পূজা উপলক্ষে রাখা হয়েছে আরও ১০ দিনের ছুটি। পাশাপাশি ১১ দিনের শীতকালীন অবকাশও অন্তর্ভুক্ত রয়েছে ছুটির তালিকায়।
একই প্রজ্ঞাপনে ২০২৬ সালে একাদশ ও দ্বাদশ শ্রেণির ভর্তি, ক্লাস শুরুর সময়সূচি এবং পরীক্ষার তারিখও জানানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হবে ১৫ জুন এবং ভর্তি শেষে ১ জুলাই থেকে ক্লাস শুরু করতে হবে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৫ জুন। এসব পরীক্ষার ফল ১৬ জুলাইয়ের মধ্যে প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, দ্বাদশ শ্রেণি বা এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং মার্চ মাসের মধ্যেই ফল প্রকাশ করতে হবে।
শিক্ষাপঞ্জি অনুযায়ী নির্ধারিত সময়সূচি যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রিপোর্টার্স২৪/বাবি