রিপোর্টার্স২৪ ডেস্ক: আপসহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নেমেছে। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে আসা সাধারণ মানুষ ও নেতা-কর্মীদের ভিড় সামলাতে এবং জানাজা সহজভাবে সম্পন্ন করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দেওয়া হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার পর জিয়া উদ্যান সংলগ্ন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খোলা হয়। গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে লাখো জনতা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করেন। জানাজার জন্য দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠও উন্মুক্ত রাখা হয়েছে।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সকাল থেকেই হাজার হাজার শোকার্ত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ তাদের প্রিয় নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসছেন। মানুষের চোখে-মুখে দেখা যাচ্ছে একজন আপসহীন দেশনেত্রীকে হারানোর বেদনা।
নরসিংদী থেকে আসা আমির হোসেন বলেন, বাড়ি থাকতে পারিনি। নিজের টাকা খরচ করে প্রিয় নেত্রীর জানাজা করতে ছুটে এসেছি। নারায়ণগঞ্জ থেকে আসা ফারুক আহমেদ ও শ্যামল কুমার জানান, এরকম দেশপ্রেমিক ও সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে কিনা জানি না। প্রিয় নেত্রীর শেষ বিদায় জানাতে এখানে এসেছি।
জানা গেছে, বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজার আয়োজনে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে।
জানাজা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমের নিরাপত্তা জোরদারে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন এবং জিয়া উদ্যান এলাকা-সহ সব গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
রিপোর্টার্স২৪/ঝুম