সিনিয়র রিপোর্টার:বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে ঢাকায় নিযুক্ত ৩২ দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা হয়েছেন।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় অংশ নিতে কূটনীতিকরা বারিধারা কূটনৈতিক এলাকা ত্যাগ করেন।
জানাজায় অংশ নিতে যাওয়া কূটনীতিকদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এছাড়া অন্তত ৩২ জন কূটনীতিক ও প্রতিনিধি জানাজায় অংশ নিচ্ছেন বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।
এদের মধ্যে আরও রয়েছেন রাশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত একাতেরিনা সেমেনোভা, জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনচি, কানাডার হাইকমিশনার অজিত সিং, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিগফ্রিড রেংলি।
এ ছাড়া নেদারল্যান্ডস, লিবিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ফিলিস্তিন, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার, ইতালি, সুইডেন, স্পেন, ইন্দোনেশিয়া, নরওয়ে, ব্রাজিল, মরক্কো, ইরান, আলজেরিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, কাতার, ডেনমার্ক ও মালয়েশিয়ার রাষ্ট্রদূত ও হাইকমিশনাররাও জানাজায় অংশ নিচ্ছেন।
কূটনীতিকদের পাশাপাশি বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ভারপ্রাপ্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সিমোন লসন পার্চমেন্ট জানাজায় অংশ নিতে রওনা হয়েছেন। এছাড়া কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল ইসলামও জানাজায় শরিক হচ্ছেন।
র্রিপোর্টার্স২৪/এসসি