রিপোর্টার্স২৪ডেস্ক: দেশের তাপমাত্রা নিয়ে স্বস্তির খবর দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আগামী দুই দিনে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী পাঁচ দিনের মধ্যে আবারও তাপমাত্রা কমার আশঙ্কা রয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি বজায় থাকবে।
আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে রবিবার (৪ জানুয়ারি) পর্যন্ত প্রতিদিনই সারাদেশে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। শুক্রবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়লেও শনিবার ও রবিবারে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সব মিলিয়ে স্বল্পমেয়াদে শীতের তীব্রতা কিছুটা কমলেও আগামী কয়েক দিনের মধ্যে আবারও শীত বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।