রিপোর্টার্স২৪ডেস্ক: নতুন বছর ও নতুন শিক্ষাবর্ষের শুরুতে আজ (১ জানুয়ারি) দেশের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে। তবে এবার কোনো উৎসব বা আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই নিজ নিজ বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বই গ্রহণ করবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, আগে থেকেই বই উৎসব না করার সিদ্ধান্ত ছিল। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় বই বিতরণকালে সব ধরনের অনুষ্ঠান ও উৎসব পরিহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, রাষ্ট্রীয় শোক থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে এবং নিয়মিত কার্যক্রম চলবে। তবে শিক্ষক-শিক্ষার্থী সবাইকে কালো ব্যাজ ধারণ করতে হবে। একই সঙ্গে কোনো আনুষ্ঠানিক আয়োজন ছাড়াই বই বিতরণ করতে বলা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, প্রাথমিক স্তরের সব পাঠ্যবই ইতোমধ্যে বিদ্যালয়গুলোতে পৌঁছে গেছে। আজ শতভাগ শিক্ষার্থী বই পাবে বলে আশা করা হচ্ছে।
মাধ্যমিক স্তরে আংশিক বই বিতরণ করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, বই বিতরণ কার্যক্রম চলবে, তবে ‘বই উৎসব’ নামে কোনো অনুষ্ঠান করা যাবে না। ব্যানার ব্যবহার করা গেলেও আনুষ্ঠানিক আয়োজন নিষিদ্ধ থাকবে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৮ কোটি ৫৯ লাখের বেশি বই ছাপা ও সরবরাহ সম্পন্ন হয়েছে। মাধ্যমিক ও কারিগরি স্তরের মোট ১৮ কোটির বেশি বইয়ের মধ্যে এ পর্যন্ত ৬৬ শতাংশ উপজেলা পর্যায়ে পৌঁছেছে। বাকি বই দ্রুত সরবরাহের কাজ চলমান রয়েছে।
এনসিটিবি সদস্য অধ্যাপক রিয়াদ চৌধুরী জানান, বছরের প্রথম দিনেই শতভাগ বই বিতরণ সম্ভব না হলেও যত দ্রুত সম্ভব সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা চলছে।