রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বৃহস্পতিবার (১ জানুয়ারি) চলছে দ্বিতীয় দিনের রাষ্ট্রীয় শোক।
খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। এই শোক শুক্রবার (২ জানুয়ারি) শেষ হবে।
রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি অনুযায়ী আজও বাংলাদেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
সকালে সচিবালয়ে দেখা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় থাকা নতুন ১ নম্বর ভবনে অর্ধনমিত জাতীয় পতাকা উড়ছে। অনেক কর্মকর্তা কালো ব্যাজ ধারণ করেছেন। তবে সচিবালয়ের কাজকর্ম স্বাভাবিকভাবেই চলছে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফেরাতের জন্য শুক্রবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে মৃত্যুবরণ করেন। তাকে ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
খালেদা জিয়াকে বুধবার স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। রাজধানীর জিয়া উদ্যানে বিকেল ৫টার কিছু আগে তার দাফন সম্পন্ন হয়। এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবন এলাকায় জাতীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়, যাতে লাখ লাখ মানুষ অংশ নেন। সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে মানুষের ঢল নেমেছিল।
রিপোর্টার্স২৪/ঝুম