রিপোর্টার্স২৪ ডেস্ক: সংকটে পড়া পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকরা বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে তাদের আমানত ফেরত পেতে শুরু করছেন। তবে প্রথম পর্যায়ে মুনাফাসহ সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত টাকা ফেরত দেওয়া হবে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক একীভূত হয়ে গঠিত নতুন প্রতিষ্ঠানটি ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে পরিচিত। বাংলাদেশ ব্যাংক তাদের জন্য ‘ব্যাংক রেজল্যুশন স্কিম ২০২৫’ চূড়ান্ত করেছে। স্কিম অনুযায়ী, আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য ধাপ ও সময়সীমা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে।
স্কিমে বলা হয়েছে, যাদের আমানত ২ লাখ টাকা পর্যন্ত, তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং আমানত সুরক্ষা আইন-এর আওতায় যেকোনো সময় উত্তোলন করা যাবে।
যেসব গ্রাহকের চলতি বা সঞ্চয়ী হিসাবের মধ্যে দুই লাখ টাকার বেশি জমা রয়েছে, তাদের জন্য পরবর্তী সময়ে প্রতি তিন মাস অন্তর এক লাখ টাকা করে সর্বোচ্চ সাত লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ থাকবে। পাশাপাশি কিডনি ডায়ালাইসিস ও ক্যানসারে আক্রান্ত গ্রাহকদের জন্য মানবিক বিবেচনায় বিশেষ সুবিধা রাখা হয়েছে।
এর আগে, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে স্কিমের বিস্তারিত তথ্য এবং নতুন ব্যাংকের লোগো উন্মোচন করেছে।
উল্লেখ্য, এই পাঁচটি ইসলামী ব্যাংক তীব্র তারল্য সংকট, অনিয়ম এবং উচ্চমাত্রার খেলাপি ঋণের কারণে স্বাভাবিক কার্যক্রম চালাতে ব্যর্থ হয়। তাই কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে এগুলো বিলুপ্ত করে একীভূত করা হয় ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।
এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকটির গ্রাহকরা ধাপে ধাপে তাদের আমানত ফেরত পাবেন এবং নতুন ব্যাংকটি স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।
রিপোর্টার্স২৪/ঝুম