সিনিয়র রিপোর্টার: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক কিংবা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। একই সঙ্গে এই সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন কমবে কি না, সে প্রশ্নের উত্তর ভবিষ্যতে খোঁজার পরামর্শও দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি ঢাকায় এসেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করও সেই ধারাবাহিকতায় এসেছেন। তার সফর ছিল সংক্ষিপ্ত, তবে তিনি পুরো আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করেছেন। এরপর চলে গেছেন। এটিকে একটি ভালো জেসচার হিসেবেই দেখা উচিত।
তৌহিদ হোসেন বলেন, “এর চেয়ে বেশি কিছু অর্থ খোঁজার প্রয়োজন নেই। এই সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখাই ভালো।”
জয়শঙ্করের সঙ্গে একান্ত কোনো বৈঠক হয়নি জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের মধ্যে ওয়ান-টু-ওয়ান কোনো কথা হয়নি। সে রকম কোনো সুযোগও তৈরি হয়নি। অন্যান্য বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন। পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাদিকও ছিলেন, তার সঙ্গেও জয়শঙ্কর সৌজন্য সাক্ষাৎ করেছেন। এগুলো কেবলই কোর্টেসি, যা সবাই মেনে চলে।”
তিনি আরও বলেন, জয়শঙ্করের সঙ্গে যেটুকু কথাবার্তা হয়েছে, তা ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক এবং অন্যদের উপস্থিতিতেই। সেখানে কোনো ধরনের রাজনৈতিক বা দ্বিপাক্ষিক ইস্যু আলোচনার সুযোগ ছিল না।
রিপোর্টার্স২৪/এসসি