| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই দিন আগে পদত্যাগ, আজই পুনর্নিয়োগ পেলেন ডা.সায়েদুর

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০১, ২০২৬ ইং | ১৬:২৮:১৭:অপরাহ্ন  |  ১০৪৪৮১৪ বার পঠিত
দুই দিন আগে পদত্যাগ, আজই পুনর্নিয়োগ পেলেন ডা.সায়েদুর
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: পদত্যাগের মাত্র দুই দিন পর আবারও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে পুনরায় এই পদে নিয়োগ দেওয়া হয়।

এর আগে বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) ডা. সায়েদুর রহমান বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করেন। রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে ওই দিন মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, অধ্যাপক ডা. সায়েদুর রহমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি গত ৩০ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যান। অবসরের সুবিধা নিশ্চিত করার প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করেছিলেন। অবসর কার্যক্রম সম্পন্ন হওয়ার পর তাকে পুনরায় একই পদে নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর বিধান অনুযায়ী ডা. সায়েদুর রহমানকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন। এই পদে তিনি প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করবেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাও তার ওপর ন্যস্ত থাকবে।

নিয়োগ কার্যকালে তিনি বিশেষ সহকারী হিসেবে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও নীতিনির্ধারণী দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তিনি প্রতিমন্ত্রীর বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। প্রধান উপদেষ্টার নির্দেশে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।

এদিকে পদত্যাগ ও পুনরায় নিয়োগের বিষয়টি নিয়ে অধ্যাপক ডা. সায়েদুর রহমান বিবিসি বাংলাকে জানান, চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তিনি পদত্যাগ করেছিলেন। তিনি বলেন, রিটায়ারমেন্ট প্রসেসের অংশ হিসেবেই এটি করতে হয়েছে। এখন আবার একই পদে নিযুক্ত হয়ে একই দায়িত্ব পালন করব। সবার দোয়া ও সহযোগিতা চাই।

এর আগে বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. সায়েদুর রহমান লিখেছিলেন, আজ আমার চাকরিজীবনের শেষ দিন। অবসর গ্রহণের নিমিত্তে বিশেষ রাষ্ট্রীয় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে প্রদত্ত আমার পদত্যাগপত্র গতকাল গৃহীত হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪